২০২৬ সালের প্রথম তিন মাস স্মার্টফোন বাজারের জন্য সুখকর হল না। রিপোর্ট বলছে, বিশ্বজুড়ে স্মার্টফোন শিপমেন্ট গতবছরের এই সময়ের তুলনায় প্রায় ৬ শতাংশ কমেছে। চাহিদা কমে যাওয়া এবং মেমোরি কম্পোনেন্টের ঘাটতির কারণে শিপমেন্ট কমেছে বলে রিপোর্টে দাবি করা হয়েছে। বিশ্বজুড়ে অস্থির অবস্থাও শিপমেন্ট কমার পিছনে দায়ী বলে আমাদের অনুমান। যদিও এরপরও কয়েকটি ব্র্যান্ড নিজেদের জায়গা ধরে রাখতে পেরেছে। তবে কিছু ব্র্যান্ড বিক্রির নিরিখে খানিকটা পিছিয়ে পড়েছে।
প্রথম ত্রৈমাসিকে স্মার্টফোন বাজার মন্দা কেন
কাউন্টার পয়েন্টের রিপোর্টে বলা হয়েছে, DRAM ও NAND মেমোরির ঘাটতির কারণে ২০২৬ সালের প্রথম কোয়ার্টারে স্মার্টফোন বিক্রি কমেছে। এর সঙ্গে যোগ হয়েছে কম চাহিদা। কয়েকটি দেশে বিক্রি কিছুটা স্থিতিশীল থাকলেও, সামগ্রিকভাবে বাজারে পতন চোখে পড়েছে।
যদিও শিপমেন্ট বাড়াতে ব্র্যান্ডগুলি যথাসাধ্য চেষ্টা করেছে। তারা দাম এবং প্রোডাকশন স্ট্র্যাটেজিতে পরিবর্তন এনেছে, এরপরও ক্রেতারা ভেবেচিন্তে স্মার্টফোন কিনেছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে অনিশ্চয়তা বাড়ায় অপ্রয়োজনীয় কেনাকাটা অনেকেই এড়িয়ে যাচ্ছেন।
Apple বিক্রি বাড়িয়ে প্রথমবার শীর্ষে
রিপোর্ট থেকে আরও জানা গেছে, মন্দার মধ্যে ব্যতিক্রম ফল করেছে কেবল অ্যাপল। ২১ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে তারা প্রথম স্থানে রয়েছে। গত বছরের তুলনায় এবছরে তাদের বিক্রি ৫ শতাংশ বেড়েছে।
বিশেষ করে সদ্য লঞ্চ হওয়া iPhone 17 মডেলের চাহিদা, এক্সচেঞ্জ প্রোগ্রাম, আর ভারত-সহ এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ভালো বিক্রির কারণে অ্যাপলের এই সাফল্য এসেছে। এই প্রথমবার বছরের প্রথম ত্রৈমাসিকে তারা শীর্ষে উঠল।
স্যামসাং পিছিয়ে পড়লো
স্যামসাং ২০ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে দ্বিতীয় স্থানে আছে। যদিও তাদের বাজার শেয়ার ৬ শতাংশ কমেছে। Galaxy S26 সিরিজ লঞ্চ দেরি হওয়ায় কোম্পানির বাজার শেয়ার কমেছে বলে জানা গেছে। তবে লঞ্চের পর Galaxy S26 Ultra মডেলটি বাজারে ভালো সাড়া ফেলেছে বলে রিপোর্টে জানানো হয়েছে।
শাওমি জোর দিয়েছে প্রিমিয়াম সেগমেন্টে
অ্যাপল, স্যামসাংয়ের পর ১২ শতাংশ শেয়ার নিয়ে শাওমি তৃতীয় স্থানে আছে। দক্ষিণ কোরিয়ার কোম্পানির মতো চীনের ব্র্যান্ডটিরও বাজার শেয়ার কমেছে। মূলত মেমোরি সংকট এবং এন্ট্রি-লেভেল সেগমেন্ট থেকে ফোকাস সরানোয় কোম্পানির বিক্রিতে প্রভাব পড়েছে। তবে প্রিমিয়াম সেগমেন্টে Xiaomi 17 সিরিজ চীনে ভালো পারফর্ম করছে।
Oppo ও Vivo কেমন পারফরম্যান্স করল
ওপ্পো ও ভিভো তালিকায় যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে আছে। প্রথম ত্রৈমাসিকে ওপ্পোর বাজার শেয়ার দাঁড়িয়েছে ১১ শতাংশ, আর ভিভোর বাজার শেয়ার ৮ শতাংশ। এক্ষেত্রে ভিভোর বাজার শেয়ার কিছুটা কমেছে। তবে ওপ্পোর এন্ট্রি-লেভেল A5 সিরিজ ও Find N5 মডেলটি ভালো করায় ব্র্যান্ডটি বাজার শেয়ার ধরে রেখেছে।