ফাটাফাটি ফিচার সহ আসা Nothing Phone 4a সিরিজের প্রথম সেলে রেকর্ড বিক্রি

চলতি মাসের শুরুতে বাজারে এসেছে Nothing Phone 4a সিরিজ। এই সিরিজে শক্তিশালী প্রসেসর সহ দুর্দান্ত ফিচার উপস্থিত। যেকারণে প্রথম সেলে রেকর্ড গড়ে ফেলল Nothing Phone 4a সিরিজ। আজ দুপুর ১২টা থেকে শুরু হওয়া প্রথম সেলে মুড়ি মুড়কির মতো বিক্রি হয়েছে সিরিজের ডিভাইসগুলি। যারপর কোম্পানির তরফে দাবি করা হয়েছে, ৩০ হাজার টাকার সেগমেন্টে সবথেকে কম সময়ে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে এই সিরিজের ফোন দুটি।
জানিয়ে রাখি, নার্থিংয়ের নয়া সিরিজে বেস মডেলের পাশাপাশি Nothing Phone 4a Pro মডেলটি অন্তর্ভুক্ত রয়েছে। আর এগুলি অনলাইনে Flipkart থেকে অর্ডার করা যাবে। ডিভাইস দুটির লঞ্চের সময় অনুমান করা হচ্ছিল যে, Nothing ব্র্যান্ডের আলাদা ডিজাইন এবং ক্লিন সফটওয়্যার এক্সপেরিয়েন্স ক্রেতাদের মধ্যে এদের প্রতি আগ্রহ বাড়িয়ে তুলবে। প্রথম সেলের ফলাফল দেখে স্পষ্ট যে সেই ভাবনা ভুল ছিল না।
নার্থিং এর ভারতীয় শাখার প্রেসিডেন্ট Akis Evangelidis সোশ্যাল মিডিয়ায় আজ বিকালে পোস্ট করে জানান, আজকের দিনটা তাদের জন্য বিশেষ। তার কথায়, কোম্পানি আজ একরকম ইতিহাস তৈরি করেছে। তিনি একটি স্ক্রিনশটও শেয়ার করেন, যেখানে দেখা যায় ৩০ হাজার টাকার ওপরে অনলাইন স্মার্টফোন সেগমেন্টে এই সিরিজের বিক্রি এখনও পর্যন্ত সর্বাধিক।
দামের কথা বললে, ভারতে Nothing Phone 4a এর দাম শুরু হয়েছে ৩১,৯৯৯ টাকা থেকে। এই মূল্য ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। এর পাশাপাশি মডেলটি ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজের মডেলেও পাওয়া যাবে। অন্যদিকে, Nothing Phone 4a Pro এর শুরুর মডেলের দাম ৩৯,৯৯৯ টাকা।
যদিও আপনি আরও কমে ফোন দুটি কিনতে পারবেন। আসলে নির্বাচিত ব্যাংক কার্ড ব্যবহার করলে সর্বোচ্চ ৪,০০০ টাকা পর্যন্ত ছাড়ে এগুলি কেনা যাচ্ছে। আবার পুরানো ফোন এক্সচেঞ্জ করলে ৬,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসও দেওয়া হচ্ছে।
ফিচারের কথা বললে, এই সিরিজে ৬.৭৮ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ১.৫কে রেজোলিউশন অফার করবে। পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেন ৪ প্রসেসর। ফটোগ্রাফির জন্য ট্রিপল রিয়ার সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল + ৫০ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল সেন্সর, আর সামনে মিলবে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
পাওয়ার ব্যাকআপের জন্য এই সিরিজে দেওয়া হয়েছে ৫৪০০ এমএএইচ ব্যাটারি। ফোন দুটি চলে অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক নার্থিং ওএস কাস্টম স্কিনে।

