200MP ক্যামেরা সহ Vivo V70 FE ভারতে লঞ্চ হচ্ছে, থাকবে 7000mAh ব্যাটারি

ভিভো গত মাসে V70 সিরিজের দুটি ফোন বাজারে এনেছিল। এবার এই সিরিজের তৃতীয় মডেল হিসেবে Vivo V70 FE ভারতে আসতে চলেছে। আগামী ২ এপ্রিল ফোনটি এদেশে লঞ্চ হবে। ইতিমধ্যেই ডিভাইসটির জন্য Amazon-এ একটি মাইক্রোসাইট লাইভ করা হয়েছে। সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ ফিচারের ঝলক দেখানো হয়েছে। পাশাপাশি কয়েকদিন আগে একটি রিপোর্ট থেকে Vivo V70 FE এর দাম সম্পর্কেও ধারণা পাওয়া গেছে। আসুন হ্যান্ডসেটটি সম্পর্কে আপাতত কি কি তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।
Vivo V70 FE এর সম্ভাব্য স্পেসিফিকেশন
মাইক্রোসাইট ও কোম্পানির বিভিন্ন টিজার পোস্টার থেকে জানা গেছে, ভিভো ভি৭০ এফই ফোনে OIS সাপোর্ট সহ ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকবে। এর সাথে দেওয়া হবে ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স। সেলফির জন্য পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, যেখানে অটোফোকাসের সুবিধা থাকবে। এছাড়া একাধিক AI ফটোগ্রাফি ফিচার ছবিকে আরও উন্নত করবে বলে দাবি করা হয়েছে।
এই স্মার্টফোনের সামনে দেখা যাবে ৬.৮৩ ইঞ্চি ১.৫কে ওএলইডি স্ক্রিন, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১৯০০ নিটস পিক ব্রাইটনেস ও HDR10+ সাপোর্ট করবে। পাওয়ার ব্যাকআপের জন্য Vivo V70 FE মডেলে ৭০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। কোম্পানির দাবি, এই ব্যাটারি এক ঘণ্টার মধ্যে ফুল চার্জ হয়ে যাবে। আর ফুল চার্জে এই ব্যাটারি প্রায় ৪৩ ঘণ্টা ভিডিও দেখতে দেবে।
পারফরম্যান্সের জন্য এই স্মার্টফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩৬০ টার্বো চিপসেট ব্যবহার করা হবে।ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক অরিজিন ওএস ৬ কাস্টম স্কিনে চলবে। আর এতে ৬ বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।
এছাড়া Vivo V70 FE হ্যান্ডসেটে IP68 এবং IP69 রেটিং থাকবে, যা জল ও ধুলো থেকে সুরক্ষা দেবে। কোম্পানির দাবি, ডিভাইসটি ১.৫ মিটার গভীর জলে ২ ঘণ্টা পর্যন্ত টিকে থাকতে পারবে।
Vivo V70 FE এর সম্ভাব্য দাম
এবার আসা যাক দামের বিষয়ে। জানা গেছে Vivo V70 FE মডেলের ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এমআরপি রাখা হতে পারে প্রায় ৪১,৯৯৯ টাকা। তবে অফার সহ ফোনটি ৩৭,৯৯৯ টাকায় পাওয়া যেতে পারে। এটি Flipkart, Amazon এবং ভিভোর নিজস্ব স্টোর থেকে কেনা যাবে।

