২০২৬ সালে ফোল্ডেবল iPhone সহ আর কি কি আনছে Apple?

চলতি বছরে একঝাঁক চমক অপেক্ষা করছে Apple প্রোডাক্ট প্রেমীদের জন্য। জনপ্রিয় প্রযুক্তি বিশ্লেষক মার্ক গুরমান একটি প্রতিবেদনে দাবি করেছেন যে, Apple বর্তমান বছরে ‘সুপার-প্রিমিয়াম’ নামে একটি নতুন ক্যাটেগরি তৈরি করতে চলেছে। এই ক্যাটেগরিতে এমন কিছু ডিভাইস থাকবে, যেগুলো প্রযুক্তি ও দামের দিক থেকে কোম্পানির বর্তমান ফ্ল্যাগশিপ প্রোডাক্টকে পিছনে ফেলবে। অর্থাৎ এই প্রোডাক্টগুলি একদম নতুন প্রযুক্তি সহ আসব এবং স্বাভাবিকভাবে এগুলি আল্ট্রা প্রিমিয়াম ডিভাইস হিসাবে বাজারে আসবে।

মার্ক গুরমান আরও বলেছেন, Apple তাদের এই নতুন পরিকল্পনায় ইতিমধ্যেই তিনটি ডিভাইস নিয়ে কাজ শুরু করেছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত ডিভাইসটি হল ফোল্ডেবল আইফোন। অর্থাৎ, এমন একটি ফোন যার স্ক্রিন মাঝখান থেকে ভাঁজ করা যাবে। মনে করা হচ্ছে, স্ক্রিন খুললে ডিভাইসটিকে ছোট ট্যাবলেটের মতো দেখাবে। ফলে ব্যবহারকারীরা ফোন ও ট্যাবলেট উভয়ের অভিজ্ঞতা পাবেন। আর এই বোর্ডের আইফোনের দাম রাখা হতে ২০০০ ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় দেড় লক্ষ টাকার কাছাকাছি হতে পারে।

এর পাশাপাশি Apple নতুন একটি হাই-এন্ড ল্যাপটপ নিয়ে কাজ করছে, যার নাম MacBook Ultra রাখা হতে পারে। প্রযুক্তি বিশ্লেষক তার প্রতিবেদনে বলেছেন, এতে প্রথমবারের মতো টাচ সাপোর্টেড OLED ডিসপ্লে থাকতে পারে। উল্লেখ্য MacBook সিরিজে এখনও পর্যন্ত টাচস্ক্রিন নেই। ফলে এমন ফিচার নিঃসন্দেহে সিরিজের গ্রহণযোগ্যতা বাড়াবে।

এদিকে আমেরিকান কোম্পানিটি অডিও ডিভাইস নিয়েও পরীক্ষা-নিরীক্ষা করছে। শোনা যাচ্ছে ভবিষ্যতের AirPods মডেলে ক্যামেরা বা বিশেষ সেন্সর যোগ করা হতে পারে। এই সেন্সরগুলি আশপাশের পরিবেশ বুঝতে পারবে এবং ভয়েস অ্যাসিস্ট্যান্টকে আরও স্মার্টভাবে কাজ করতে সাহায্য করবে। অর্থাৎ AirPods শুধু গান শোনার জন্য নয়, আরও স্মার্ট ফিচারের অংশ হয়ে উঠবে।

মার্ক গুরমান এর দাবি অনুযায়ী, Apple যদি সত্যিই এই ‘Ultra’ ক্যাটেগরি বাজারে আনে এবং সফল হয়, তাহলে হাই-এন্ড প্রযুক্তির বাজারে তাদের অবস্থান আরও শক্ত হবে। এখন দেখার বিষয়, পরিকল্পনাগুলি বাস্তবায়িত করতে কোম্পানি কতদিন সময় নেয়।