প্রত্যাশা মতোই আজ ভারতে লঞ্চ হল Ai+ Nova 2 Power 5G। ফোনটির দাম শুরু হয়েছে ১৬,৯৯৯ টাকা থেকে। যারা কম বাজেটে 5G স্মার্টফোন খোঁজ করেন তাদের জন্য এটি উপযুক্ত হবে। ডিভাইসটির বিশেষ বিশেষ ফিচারের মধ্যে রয়েছে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ প্রসেস। দীর্ঘক্ষণ ব্যাকআপের জন্য এতে ৭০০০ এমএএইচ ব্যাটারিও দেওয়া হয়েছে। হ্যান্ডসেটটি মোট পাঁচটি কালার অপশনে এসেছে।
Ai+ Nova 2 Power 5G এর দাম ও সেলের তারিখ
ভারতে Ai+ Nova 2 Power 5G এর ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে ১৬,৯৯৯ টাকা। অন্যদিকে ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে খরচ হবে ১৭,৯৯৯ টাকা। তবে অফারে ফোনটি ১৫,৯৯৯ টাকা থেকে পাওয়া যাবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে।
এআই প্লাস নোভা ২ পাওয়ার ৫জি এর প্রথম সেল শুরু হবে ২৪ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে। ক্রেতারা Flipkart এর মাধ্যমে ফোনটি কিনতে পারবেন। এটি ডিপ পার্পেল , মিডনাইট ব্ল্যাক, ওশান গ্রিন, গোল্ডেন ব্লু ফিউশন ও ব্লু ফিউশন কালার অপশনে এসেছে।
Ai+ Nova 2 Power 5G এর স্পেসিফিকেশন ও ফিচার
Ai+ Nova 2 Power 5G মডেলের সামনে দেখা যাবে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭৫ ইঞ্চি এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে। ডিজাইনের কথা বললে স্মার্টফোনটির স্ক্রিনের ঠিক মাঝখানে রয়েছে পাঞ্চ হোল ক্যামেরা কাটআউট, যার মধ্যে সেলফি ক্যামেরা উপস্থিত। হ্যান্ডসেটটির পিছনের প্যানেলের মাঝখানে রয়েছে Ai+ লোগো। ডানদিকে দেওয়া হয়েছে পাওয়ার বাটন এবং এর ঠিক উপরে রয়েছে ভলিউম রকার।
প্রসেসর ও সফটওয়্যার
পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ ৫জি চিপসেট ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক কোম্পানির nxtQ OS কাস্টম স্কিনে চলে। ডিভাইসটি দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে এসেছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ আরও বাড়ানো যাবে।
ক্যামেরা ও ব্যাটারি
ফটোগ্রাফির জন্য Ai+ Nova 2 Power 5G মডেলে ৪৮ মেগাপিক্সেল Sony IMX582 প্রাইমারি সেন্সর ও ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। আর সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনের সামনে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৭০০০ এমএএইচ লিথিয়াম-পলিমার ব্যাটারি দেওয়া হয়েছে। এতে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। কোম্পানির দাবি, ফুল চার্জে এই ব্যাটারি পুরো দিন ব্যাকআপ দেবে।