জয়েন করুন

Infinix GT 30 এর শক্তি প্রকাশ্যে, Geekbench-এ চোখ ধাঁধানো স্কোর করল ইনফিনিক্সের নতুন ফোন

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 26, 2025 5:32 PM

ইনফিনিক্স সম্প্রতি বেশ কয়েকটি দেশে লঞ্চ করেছে তাদের গেমিং-কেন্দ্রিক স্মার্টফোন Infinix GT 30 Pro। গত তিন বছর ধরে ব্র্যান্ডটি “Pro” ট্যাগ সহ গেমিং ফোন বাজারে আনলেও, এখনও কোনো সাধারণ বা “স্ট্যান্ডার্ড” মডেল তারা লঞ্চ করেনি। তবে এবার ছবিটা বদলাতে চলেছে বলে মনে হচ্ছে। আসলে এবছর Infinix GT 30 নামে একটি ফোন বাজারে আসবে বলে জানা গেছে। আজ বেঞ্চমার্ক প্ল্যাটফর্ম Geekbench-এও ডিভাইসটি উপস্থিত হয়েছে। আসুন ডিভাইসটি সম্পর্কে কি কি তথ্য সামনে এল জেনে নেওয়া যাক।

Infinix GT 30 ফোনকে দেখা গেল Geekbench-এ

সম্প্রতি ইউরোপের EEC সার্টিফিকেশন সাইটে X6876 মডেল নম্বরযুক্ত একটি ইনফিনিক্স ফোন তালিকাভুক্ত হয়। পরে, CarlCare-এর অফিসিয়াল সাপোর্ট সাইটে এই একই মডেল নম্বরের ডিভাইসের নাম দেখা যায় ইনফিনিক্স জিটি ৩০। এবার স্মার্টফোনটি গীকবেঞ্চ বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মেও ধরা পড়েছে।

জানা গেছে, ইনফিনিক্স জিটি ৩০ মডেলে মিডিয়াটেক চিপসেট ব্যবহার করা হবে, যার চারটি পারফরম্যান্স কোর চলবে ২.৬০ গিগাহার্টজ ক্লক স্পিডে এবং চারটি এফিসিয়েন্সি কোর ক্লক করবে ২.০০ গিগাহার্টজে। গ্রাফিক্সের জন্য এতে থাকবে মালি-জি৬১৫ এমসি২। এই কনফিগারেশন দেখে মনে হচ্ছে এটি ডাইমেনসিটি ৭৪০০ প্রসেসর হবে।

আর গীকবেঞ্চে ইনফিনিক্স জিটি ৩০ ফোনটি ৮ জিবি র‌্যাম সহ উপস্থিত হয়েছে। যদিও লঞ্চের সময় এর আরও র‌্যাম ভ্যারিয়েন্ট থাকবে বলেই আমাদের অনুমান। আর ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে চলবে। পারফরম্যান্স টেস্টে স্মার্টফোনটি সিঙ্গল-কোর টেস্টে ১০৭৯ এবং মাল্টি-কোর টেস্টে ৩০৮২ স্কোর করেছে।

আপাতত Infinix GT 30 সম্পর্কে এই তথ্যগুলি সামনে এসেছে। আমাদের অনুমান, ফোনটি GT 30 Pro-এর ডিজাইন ধরে রাখবে। তবে এতে হয়তো দেখা মিলবে না প্রো মডেলের গেমিং শোল্ডার বাটনের। এটি ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে আসতে পারে। সব কিছু ঠিকঠাক থাকলে জুলাই মাসেই গ্লোবাল মার্কেটে পা রাখতে পারে Infinix GT 30।

আরও পড়ুন

Vivo X Fold 6: ভিভোর ফোল্ডেবল ফোনে লেটেস্ট সফটওয়্যার সহ 200MP ক্যামেরা iPhone 18 Pro ও 18 Pro Max এর ব্যাটারি ক্যাপাসিটি প্রকাশ্যে এল OnePlus 16 আসছে 9000mAh ব্যাটারি ও 200MP ক্যামেরার সাথে Oppo K14 Lite এর ভারতে এন্ট্রি হচ্ছে, 7000mAh ব্যাটারি সহ থাকবে দুর্দান্ত ডিসপ্লে Sony Xperia 1 IX: নতুন ক্যামেরা সহ আসছে সনির পরবর্তী ফোন