চলতি বছরের শুরুতেই নতুন ডিজাইন ও আপডেটেড হার্ডওয়্যার সহ বাজারে এসেছিল Sony Xperia 1 VIII। এবার ব্র্যান্ডটি এর উত্তরসূরি মডেল লঞ্চ করার জন্য তোড়জোড় শুরু করল। Sony Xperia 1 IX নামের এই স্মার্টফোনটি সম্পর্কে সম্প্রতি একটি নতুন রিপোর্ট সামনে এসেছে। সেখানে দাবি করা হয়েছে, আসন্ন এই হ্যান্ডসেটের প্রাইমারি ক্যামেরা সেন্সরে পরিবর্তন দেখা যাবে। পাশাপাশি সেন্সরের সাইজ বাড়ার কারণে ক্যামেরা মডিউলের ডিজাইনেও পার্থক্য নজরে পড়বে বলে জানা গেছে। এই রিপোর্ট সত্যি হলে Xperia 1 সিরিজে বহু বছর পর প্রাইমারি সেন্সরে এমন পরিবর্তন দেখা যাবে।
Sony Xperia 1 IX ফোনে নতুন প্রাইমারি ক্যামেরা সেন্সর
Sony Xperia 1 VIII লঞ্চের মাত্র কয়েক মাস পরেই Xperia 1 IX নিয়ে রিপোর্ট সামনে এল। স্মার্টফোন ডাইজেস্ট এর এই রিপোর্টে দাবি করা হয়েছে, আসন্ন মডেলে নতুন একটি প্রাইমারি ক্যামেরা সেন্সর ব্যবহার করা হবে। আর তথ্য তারা চীনের মাইক্রো ব্লগিং সাইট উইবো থেকে পেয়েছে।
রিপোর্টে বলা হয়েছে, নতুন প্রাইমারি ক্যামেরা সেন্সরটি Xperia 1 VIII মডেলছ ব্যবহৃত ১/১.৩৫ ইঞ্চি সেন্সরের তুলনায় বড় হবে। সেন্সরের সাইজ বাড়ার সঙ্গে ক্যামেরা মডিউলের ডিজাইনেও পরিবর্তন আসতে পারে বলে দাবি করা হয়েছে। উল্লেখ্য, Xperia 1 VIII ডিভাইসের ক্যামেরা মডিউলে তিনটি ক্যামেরা রয়েছে এবং মডিউলটি ফোনের বাইরে খুব বেশি বেরিয়ে থাকে না। এখন দেখার নতুন মডেলে Sony আগের মতোই বর্গাকার ডিজাইন ধরে রাখে কিনা!
Sony Xperia 1 V থেকে একই সেন্সর ব্যবহার
রিপোর্টে আরও বলা করা হয়েছে, ব্র্যান্ডটি Sony Xperia 1 V ফোন থেকেই একই ক্যামেরা সেন্সর ব্যবহার করে আসছে। সেখান থেকে Xperia 1 IX মডেলে নতুন প্রাইমারি সেন্সর দেওয়া হলে সেটি ফ্যানদের জন্য বেশ বড় ধরনের আপডেট হতে পারে।
Sony Xperia 1 VIII এর দাম ও ফিচার
Sony চলতি বছরের মে মাসে Xperia 1 VIII লঞ্চ করেছে। ফোনটিতে নতুন করে রিফ্রেশ করা ডিজাইন দেওয়া হয়েছে। এর বেস ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ২,৩৫,৪০০ জাপানিজ ইয়েন, যা ভারতীয় মুদ্রায় আনুমানিক ১,৪৩,০০০ টাকার সমান।
এতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ চিপসেট ব্যবহার করা হয়েছে। আর ডিভাইসটি ১৬ জিবি পর্যন্ত র্যাম এবং ১ টিবি পর্যন্ত স্টোরেজ সহ এসেছে। ফটোগ্রাফির জন্য এতে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৪৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং ৪৮ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত। সেলফি ও ভিডিও কলের জন্য এতে পাওয়া যাবে ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
পাওয়ার ব্যাকআপের জন্য Xperia 1 VIII মডেলে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। আর ধুলো ও জল থেকে সুরক্ষা দিতে এতে IP65 + IP68 রেটিং উপস্থিত।