চলতি বছরের জুনে চীনে লঞ্চ হয়েছিল Vivo X Fold 6। এতে রয়েছে ৭০০০ এমএএইচ ব্যাটারি এবং ২০০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। এবার এই ফোল্ডেবল ফোনটি গ্লোবাল মার্কেটেও আসতে চলেছে। যদিও ভিভো এখনও এর লঞ্চের তারিখ নিশ্চিত করেনি, তবে তার আগে আজ স্মার্টফোনটিকে Geekbench বেঞ্চমার্ক সাইটে খুঁজে পাওয়া গেছে। এখান থেকে ডিভাইসটির বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে, Vivo X Fold 6 মডেলে Zeiss-ব্র্যান্ডেড রিয়ার ক্যামেরা এবং ৮.০২ ইঞ্চি ফোল্ডেবল ডিসপ্লে পাওয়া যাবে।
Geekbench বেঞ্চমার্ক সাইটে Vivo X Fold 6
গিকবেঞ্চ বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে V2559 মডেল নম্বরের সাথে একটি ভিভো স্মার্টফোনকে দেখা গিয়েছে। এই মডেলটিকে Vivo X Fold 6 এর গ্লোবাল ভার্সন বলে মনে করা হচ্ছে। বেঞ্চমার্ক সাইটে ফোনটি সিঙ্গেল-কোর টেস্টে ১৭১০ এবং মাল্টি-কোর টেস্টে ৫৭৯৯ স্কোর করেছে।
চিপসেট ও র্যাম
গিকবেঞ্চ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভিভো এক্স ফোল্ড ৬ এর গ্লোবাল ভার্সনে অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৫০০ চিপসেট ব্যবহার করা হবে, যার মডেল নম্বর MT6993। চিপসেটটির বেস ফ্রিকোয়েন্সি ২.৭০ গিগাহার্টজ এবং সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি ৪.২১ গিগাহার্টজ। এটি ১২ জিবি র্যাম সহ এসেছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৭ অপারেটিং সিস্টেমে চলবে।
ভারতেও আসার সম্ভাবনা
Vivo X Fold 6 এর গ্লোবাল ভার্সনটি এর আগে ইন্দোনেশিয়ার SDPPI এবং থাইল্যান্ডের NBTC ওয়েবসাইটে V2559 মডেল নম্বর সহ অন্তর্ভুক্ত হয়েছিল। অর্থাৎ বলার অপেক্ষা রাখে না যে, Vivo ফোনটিকে চিনের বাইরে নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে। এর আগে একটি রিপোর্টে এও বলা হয়েছিল যে ভারতে ফোনটি অক্টোবর মাসে লঞ্চ হতে পারে। আর এর দাম রাখা হবে ১,০৫,০০০ টাকা।
Vivo X Fold 6 এর ফিচার ও স্পেসিফিকেশন
চীনে লঞ্চ হওয়া Vivo X Fold 6 মডেলে ৮.০২-ইঞ্চি AMOLED ইনার ডিসপ্লে এবং ৬.৫১ ইঞ্চি কভার স্ক্রিন উপস্থিত। ডিভাইসটি জল ও ধুলো থেকে সুরক্ষা দিতে IP58 এবং IP59 রেটিং সহ এসেছে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৫০০ সুপার চিপসেট।
ফটোগ্রাফির জন্য এতে Zeiss টিউনড ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এর মূল আকর্ষণ ২০০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। আর পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৭০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং এবং ৪০ ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করে।