হঠাৎ দাম বাড়লো Vivo T4 Lite 5G ও iQOO Z10 Lite 5G ফোনের

বিক্রি বাড়াতে স্মার্টফোন ব্র্যান্ডগুলি মাঝে মাঝে তাদের ডিভাইসের দাম কমিয়ে থাকে। তবে iQOO এবং Vivo হঠাৎ করেই তাদের দুটি জনপ্রিয় 5G ফোনের দাম বাড়িয়ে দিল। এই দুই হ্যান্ডসেট হল Vivo T4 Lite 5G এবং iQOO Z10 Lite 5G। ১৬ মার্চ ২০২৬ থেকে মডেল দুটি নতুন দামে বিক্রি হচ্ছে। যদিও কোম্পানির তরফে দাম বাড়ানোর কোনো কারণ জানানো হয়নি। স্মার্টফোন দুটি এখন ২,০০০ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি হচ্ছে।
Vivo T4 Lite 5G ও iQOO Z10 Lite 5G এর নতুন দাম
Vivo T4 Lite 5G এর ৪ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের আগে দাম ছিল ১০,৯৯৯ টাকা, এখন এই ভ্যারিয়েন্ট ১২,৯৯৯ টাকায় কিনতে হবে। আবার ৪ জিবি র্যাম + ১২৮ জিবি মডেলের দাম ১১,৯৯৯ টাকার পরিবর্তে ১৩,৯৯৯ টাকা হয়েছে। এছাড়া ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ এখন ১৪,৯৯৯ টাকায় এবং ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ১৬,৯৯৯ টাকায় পাওয়া যাবে।
এদিকে iQOO Z10 Lite 5G মডেলের ক্ষেত্রেও সব ভ্যারিয়েন্টের দাম প্রায় ২,০০০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। যদিও আমরা অ্যামাজনে ফোনটির ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট এখনও ১০,৯৯৯ টাকায় তালিকাভুক্ত থাকতে দেখেছি।
ফিচারের কথা বললে, দুটি ফোনেই আছে ৬.৭৪ ইঞ্চি বড় ডিসপ্লে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এগুলিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর। রোজকার ব্যবহার ও 5G নেটওয়ার্কের আনন্দ নেওয়ার জন্য ঠিকঠাক এই প্রসেসর। আর ফটোগ্রাফির জন্য ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং সামনে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা উপস্থিত। পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে ৬০০০ এমএএইচ ব্যাটারি, যা ১৫ ওয়াট চার্জিং সাপোর্ট করবে।
এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে দাম বাড়ার পর ডিভাইসগুলি কেনা উচিত হবে কিনা? সত্যি বলতে, ১৩ থেকে ১৭ হাজার টাকার রেঞ্জে এখন একাধিক অপশন রয়েছে। আপনি চাইলে Redmi Note 14 SE, Realme 15 Lite বা Lava Play Ultra এর মতো মডেলগুলি বেছে নিতে পারেন।

