Vivo X300 Ultra ও Vivo X300s বাজারে 200MP ক্যামেরা সহ লঞ্চ হল

Vivo আজ চীনে তাদের নতুন দুই প্রিমিয়াম স্মার্টফোন Vivo X300 Ultra এবং Vivo X300s লঞ্চ করেছে। উভয় ডিভাইসের মুখ্য আকর্ষণ হল ক্যামেরা। এর মধ্যে আল্ট্রা মডেলটি হল বিশ্বের প্রথম ডুয়েল ২০০ মেগাপিক্সেল Zeiss ক্যামেরা সহ আসা ফোন। এছাড়া এতে আছে ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ চিপসেট, ৯০ ওয়াট ফাস্ট চার্জিং এবং ১৬ জিবি পর্যন্ত র‍্যাম। অন্যদিকে Vivo X300s মডেলটি ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, ভি৩ ইমেজিং চিপ, মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৫০০ প্রসেসর‌ ও ৭১০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে।

Vivo X300 Ultra এর দাম

Vivo X300 Ultra ফোনের ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৬,৯৯৯ ইউয়ান, যা প্রায় ৯৫,০০০ টাকার সমান। আবার এর ১২ জিবি + ৫১২ জিবি, ১৬ জিবি + ৫১২ জিবি, এবং ১৬ জিবি + ১ টিবি মডেলগুলি কিনতে খরচ হবে যথাক্রমে ৭,৪৯৯ ইউয়ান (প্রায় ১,০৩,০০০ টাকা), ৭,৯৯৯ ইউয়ান (প্রায় ১,১০,০০০ টাকা) এবং ৮,৯৯৯ ইউয়ান (প্রায় ১,২৩,০০০ টাকা)।

Vivo X300s এর মূল্য

Vivo X300s আপাতত চীনে লঞ্চ হয়েছে। আশা করা যায় শীঘ্রই উভয় স্মার্টফোন ভারত সহ অন্যান্য বাজারে আসবে। এর ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম পড়বে ৪,৯৯৯ ইউয়ান (প্রায় ৬৮,৫০০ টাকা)। আবার ১২ জিবি + ৫১২ জিবি ভ্যারিয়েন্টের মূল্য ৫,৪৯৯ ইউয়ন (প্রায় ৭৫,৪০০ টাকা), ১৬ জিবি + ৫১২ জিবি মডেলের মূল্য ৫,৯৯৯ ইউয়ান (প্রায় ৮২,২০০ টাকা)। আর ১৬ জিবি + ১ টিবি ভ্যারিয়েন্টের জন্য ৬,৯৯৯ ইউয়ন (প্রায় ৯৫,৯০০ টাকা) দাম ধার্য করা হয়েছে।

Vivo X300 Ultra স্পেসিফিকেশন ও ফিচার

ভিভো এক্স৩০০ আল্ট্রা স্মার্টফোনে ৬.৮২ ইঞ্চি ২কে (৩১৬৮ x ১৪৪০ পিক্সেল) অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে।পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ প্রসেসর, ১৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং সর্বোচ্চ ১ টিবি স্টোরেজ।

ফটোগ্রাফির জন্য আল্ট্রা ডিভাইসে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত। এই ক্যামেরাগুলি হল ২০০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স এবং ২০০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স। এই ক্যামেরায় ৩.৭x অপটিক্যাল জুম থেকে শুরু করে ১০৫x ডিজিটাল জুম সাপোর্ট করবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

এদিকে ব্যবহারকারীরা আলাদা টেলিকনভার্টার অ্যাক্সেসরিজও কিনতে পারবেন বলে ভিভো‌ নিশ্চিত করেছে, যা ব্যবহার করলে জুম আরও বাড়ানো যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৭০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৯০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও ৪০ ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Vivo X300s স্পেসিফিকেশন ও ফিচার

Vivo X300s মডেলটি আসলে ব্যালান্সড প্যাকেজ। এতে আছে ৬.৭৮ ইঞ্চি ১.৫কে (২৮০০ x ১২৬০ পিক্সেল) অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং ৩০০ হার্টজ টাচ স্যাম্পেলিং রেট সাপোর্ট করবে। এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৫০০ প্রসেসর। এতে আল্ট্রা মডেলের মতো একই ওয়্যার্ড ও ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ ৭১০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

ক্যামেরার কথা বললে এই ফোনের পিছনে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স ও ৫০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স বর্তমান। এই ক্যামেরাগুলি Zeiss-এর সহযোগিতায় তৈরি।

এছাড়া দুটি স্মার্টফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক নতুন অরিজিন ওএস ৬ কাস্টম স্কিন, আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ৫জি, ওয়াই-ফাই ৭।