প্রত্যাশা মতোই ২ জুলাই বৃহস্পতিবার ভারতে লঞ্চ হল Oppo Reno 16 সিরিজের নতুন দুই স্মার্টফোন। এই মডেল দুটি হল Oppo Reno 16 ও Oppo Reno 16c। মিড রেঞ্জে আসা উভয় ফোনে শক্তিশালী প্রসেসর ব্যবহার করা হয়েছে। এরমধ্যে বেস মডেলে পাওয়া যাবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ সিরিজের প্রসেসর। যেখানে Reno 16C এসেছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০০ সিরিজের প্রসেসরের সাথে। আর অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক অপারেটিং সিস্টেমে চলা নয়া এই ডিভাইসগুলিতে সর্বোচ্চ ৭০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। পাশাপাশি এগুলিতে পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
Oppo Reno 16 ও Oppo Reno 16c এর দাম ও উপলব্ধতা
ভারতে Oppo Reno 16 এর ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ধার্য করা হয়েছে ৬১,৯৯৯ টাকা। আবার এর ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে খরচ হবে ৬৭,৯৯৯ টাকা। এদিকে Oppo Reno 16C এর মূল্য শুরু হয়েছে ৪৬,৯৯৯ টাকা থেকে। এই দাম ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। আর ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের জন্য যথাক্রমে ৪৯,৯৯৯ টাকা ও ৫৫,৯৯৯ টাকা দাম রাখা হয়েছে।
ওপ্পো রেনো ১৬ সিরিজের উভয় স্মার্টফোন স্টারি হোয়াইট, স্টেলার পার্পেল ও টুইলাইট ভায়োলেট কালার অপশনে এসেছে। এগুলি আগামী ৯ জুলাই থেকে ফ্লিপকার্ট, অ্যামাজন ও কোম্পানির ওয়েবসাইট থেকে কেনা যাবে। লঞ্চ অফার হিসেবে এসবিআই, এইচডিএফসি ও অন্যান্য ব্যাঙ্কের কার্ড দিয়ে পেমেন্ট করলে ১০ শতাংশ ডিসকাউন্ট পাওয়া যাবে।
Oppo Reno 16 ও Oppo Reno 16c এর স্পেসিফিকেশন ও ফিচার
ওপ্পো রেনো ১৬ মডেলের সামনে দেখা যাবে ৬.৩২ ইঞ্চি (১২১৬ x ২৬৪০ পিক্সেল) অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ পর্যন্ত এবং সর্বোচ্চ ব্রাইটনেস ৩৫০০ পর্যন্ত। এদিকে রেনো ১৬সি মডেলে ৬.৫৭ ইঞ্চি (১০৮০x২৩৭২ পিক্সেল) অ্যামোলেড স্ক্রিন উপস্থিত। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৩৯৭ পিপিআই পিক্সেল ডেন্সিটি এবং ১৪০০ নিটস পিক ব্রাইটনেস লেভেল সাপোর্ট করবে।
প্রসেসর ও সফটওয়্যার
পারফরম্যান্সের জন্য Oppo Reno 16 হ্যান্ডসেটে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ প্রসেসর দেওয়া হয়েছে। আর Reno 16C মডেলে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ চিপসেট। ফোন দুটি ১২ জিবি পর্যন্ত র্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। আর অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক কালারওএস ১৬ অপারেটিং সিস্টেমে চলা উভয় মডেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার রয়েছে।
ক্যামেরা ও AI ফিচার
ফটোগ্রাফির জন্য Oppo Reno 16 সিরিজে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। বেস মডেলে এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল Sony LYT-600 প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা ও ৫০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। Reno 16c মডেলে ৫০ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড সেন্সরের পরিবর্তে ৮ মেগাপিক্সেল সেন্সর দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য দুটি মডেলে ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
Oppo Reno 16 হ্যান্ডসেটে এআই রেকর্ডিং স্টিকার, এআই স্ক্যান, এআই ভয়েস ট্রান্সলেশন, এআই মেনু ট্রান্সলেশন, এআই বিল ম্যানেজার এবং এআই মিন্ড পাইলট ফিচার উপলব্ধ। এই AI ফিচারগুলো ব্যবহারকারীরা ফোনের ডেডিকেটেড AI Snap Key-তে ট্যাপ করেই চালু করতে পারবেন।
ব্যাটারি ও অন্যান্য ফিচার
পাওয়ার ব্যাকআপের জন্য Oppo Reno 16 ডিভাইসে ৬৭০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। আর Reno 16c স্মার্টফোনটি ৭০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে। উভয় মডেলে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। জল ও ধুলো থেকে সুরক্ষা দিতে এই ফোনগুলিতে IP66 + IP68 + IP69 + IP69K রেটিং আছে। আবার এগুলিতে ওপ্পো লক নামে একটি “অ্যাডভান্সড থেফট প্রোটেকশন” ফিচারও দেওয়া হবে। এর মাধ্যমে দূর থেকে ডিভাইস লক করা যাবে।

