অবশেষে চীনে লঞ্চ হল Honor Tablet 10। এটি এর আগে মালয়েশিয়া এবং ইউরোপের কয়েকটি অঞ্চলে Honor Pad 10 নামে আত্মপ্রকাশ করেছিল। মিড-রেঞ্জে আসা এই অ্যান্ড্রয়েড ট্যাবলেটটি মূলত শিক্ষানুরাগীদের জন্য ডিজাইন করা হয়েছে। এতে এআই-চালিত স্মার্ট ফিচারের পাশাপাশি শক্তিশালী ব্যাটারি ও বড় ডিসপ্লে পাওয়া যাবে। আসুন Honor Tablet 10 এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
Honor Tablet 10 এর দাম
অনার ট্যাবলেট ১০ এর ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১২৭৪.১৫ ইউয়ান (প্রায় ১৫,০০০ টাকা), এবং ১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৯৫৪.১৫ ইউয়ান (প্রায় ২৩,০০০ টাকা)।
ডিভাইসটির প্রি-অর্ডার ইতিমধ্যেই শুরু হয়েছে এবং সেল শুরু হবে ৩১ মে, ২০২৫ সকাল ১০টা থেকে। অনার-এর অফিসিয়াল স্টোর এবং নির্দিষ্ট রিটেইলার ও ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে ট্যাবটি কেনা যাবে।
Honor Tablet 10 এর স্পেসিফিকেশন ও ফিচার
অনার ট্যাবলেট ১০ মডেলে আছে ১২.১ ইঞ্চি ২.৫কে অ্যান্টি-গ্লেয়ার ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এতে পেপার-লাইক স্ক্রিন উপস্থিত, রা চোখের ক্লান্তি কমিয়ে দীর্ঘক্ষণ ট্যাবটি ব্যবহার করতে দেয়। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ চিপসেটে। এটি ম্যাজিকওএস ৯.০ অপারেটিং সিস্টেমে চলে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ট্যাবে রয়েছে ১০,১০০mAh ব্যাটারি, যা ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
Honor Tablet 10-এর সবচেয়ে আকর্ষণীয় দিক হল এর AI-চালিত শিক্ষামূলক টুল। শিক্ষার্থীদের জন্য এতে দেওয়া হয়েছে রিয়েল-টাইম ভয়েস-টু-টেক্সট রূপান্তর, মাল্টি-ল্যাংগুয়েজ অনুবাদ, হ্যান্ডরাইটিং রিকগনিশন, নোট সংক্ষিপ্তকরণ এবং ট্রান্সক্রিপশনের সুবিধা। শিক্ষানুরাগীরা এর মাধ্যমে অংকের সমস্যা স্ক্যান করে সমাধান পেতে পারেন। এই ট্যাবলেট EPUB, PDF, CAD এবং CAJ ফরম্যাট সাপোর্ট করে।

