জয়েন করুন

ভারতে লঞ্চ হল OnePlus Nord 6, ৯০০০mAh ব্যাটারি সহ রয়েছে Sony ক্যামেরা

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: April 8, 2026 12:14 AM

প্রত্যাশা মতোই OnePlus Nord 6 আজ ভারতে লঞ্চ হল। এর দাম রাখা হয়েছে ৪০,০০০ টাকার কাছাকাছি। নর্ড সিরিজের এই নতুন ফোনটি আগের মডেলগুলির তুলনায় একাধিক আপগ্রেড সহ এসেছে। এতে পাওয়া যাবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮এস জেন ৪ চিপসেট, ১৬৫ হার্টজ রিফ্রেশ রেটের অ্যামোলেড ডিসপ্লে, ৯০০০ এমএএইচ ব্যাটারি। হ্যান্ডসেটটি দুটি স্টোরেজ ভ্যারিয়েন্ট এবং তিনটি কালার অপশনে এসেছে। আসুন এর দাম, সেলের তারিখ ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

OnePlus Nord 6 দাম ও সেল ডেট

ভারতে OnePlus Nord 6 এর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৩৮,৯৯৯ টাকা। আর ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ৪১,৯৯৯ টাকা। ৯ এপ্রিল দুপুর ১২টা থেকে ফোনটির সেল শুরু হবে। এটি ফ্রেশ মিন্ট, পিচ ব্ল্যাক ও কুইক সিলভার কালার অপশনে পাওয়া যাবে।

লঞ্চ অফার হিসেবে অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা ২,০০০ টাকা ছাড় পাবেন। আবার অ্যাক্সিস ও এইচডিএফসি ব্যাঙ্কের কার্ড দিয়ে ইএমআই ট্রানজ্যাকশন করলে ৩,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট মিলবে।

OnePlus Nord 6 এর স্পেসিফিকেশন ও ফিচার

ওয়ানপ্লাস নর্ড ৬ স্মার্টফোনে রয়েছে ৬.৭৮ ইঞ্চি ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১৬৫ হার্টজ এবং পিক ব্রাইটনেস ৩৬০০ নিটস। এছাড়া এই ডিসপ্লের পিক্সেল ডেনসিটি ৪৫০ পিপিআই এবং স্ক্রিন-টু-বডি রেশিও ৯৩.৫ শতাংশ। ডিসপ্লের সুরক্ষার জন্য ক্রিস্টাল গার্ড ব্যবহার করা হয়েছে।

পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন ৮এস জেন ৪ প্রসেসর। সাথে এড্রেনো ৮২৫ জিপিইউ, ১২ জিবি পর্যন্ত র‌্যাম এবং ২৫৬ জিবি ইউএফএস ৪.১ স্টোরেজ পাওয়া যাবে। তাপ নিয়ন্ত্রণের জন্য রয়েছে ৩৩১৪৭মিমি স্কোয়ার এরিয়া জুড়ে কুলিং সিস্টেম।

ডুয়েল রিয়ার ক্যামেরা সহ আছে দুর্দান্ত সেলফি ক্যামেরা

ফটোগ্রাফির জন্য OnePlus Nord 6 ডিভাইসে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ওআইএস ও ইআইএস সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেল Sony LYT-600 প্রাইমারি সেন্সর। এই ক্যামেরায় এফ/১.৮ অ্যাপারচার ও পিডিএএফ সাপোর্ট করবে। দ্বিতীয় ক্যামেরা হিসেবে ১১২ ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স উপস্থিত।

আর সেলফি ও ভিডিও কলের জন্য সামনে পাওয়া যাবে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। সাউন্ডের জন্য এতে ডুয়েল স্টেরিও স্পিকার ও ওরিয়েলিটি অডিও আছে।

ব্যাটারি ও অন্যান্য ফিচার

পাওয়ার ব্যাকআপের জন্য এই ওয়ানপ্লাস মডেলে ৯০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি ৮০ ওয়াট SuperVOOC ফাস্ট চার্জিং, ২৭ ওয়াট রিভার্স চার্জিং এবং বাইপাস চার্জিং সাপোর্ট করবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক অক্সিজেনওএস ১৬ কাস্টম স্কিনে চলবে। এতে চারটি বড় অ্যান্ড্রয়েড আপগ্রেড এবং ছয় বছর ধরে সিকিউরিটি আপডেট আসবে বলে কোম্পানির তরফে নিশ্চিত করা হয়েছে। ধুলো ও জল থেকে সুরক্ষা দিতে এতে IP66, IP68, IP69 এবং IP69K রেটিং পাওয়া যাবে।

এর অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে প্লাস কী, ব্লুটুথ ৬, ৫জি, জিপিএস, ওয়াই-ফাই, ইউএসবি টাইপ সি পোর্ট, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও MIL-STD-810H ডিউরেবিলিটি।

আরও পড়ুন

Xiaomi Fan Festival 2026: বাম্পার ছাড়ে Xiaomi 17 থেকে Redmi Note 15 ফোন Infinix Note 60 Pro 5G: আইফোনের মতো ডিজাইন সহ আসছে দুর্দান্ত ফোন iPhone Air Price Drop: প্রায় ৩৫ হাজার টাকা পর্যন্ত সস্তা হল আইফোন Redmi A7 Pro 5G ১৩ এপ্রিল ভারতে আসছে, দশ হাজার টাকার কমে 6300mAh ব্যাটারি iQOO 15 Apex Edition ভারতে স্ন্যাপড্রাগন প্রসেসর ও 7000mAh ব্যাটারি সহ লঞ্চ হল