সেলফি মিরর ফিচার সহ আসছে Realme 16 5G, থাকবে 7000mAh ব্যাটারি

স্মার্টফোন ব্র্যান্ডগুলি এখন সবসময় নতুন ফিচারের ফোন বাজারে আনতে ব্যস্ত। সেই ধারা বজায় রেখে চলেছে Realme। শোনা যাচ্ছে আসন্ন Realme 16 5G মডেলটি ‘Selfie Mirror’ ফিচার সহ বাজারে আসবে। অর্থাৎ রিয়ার ক্যামেরা দিয়েই সেলফি তুলতে পারবেন ব্যবহারকারীরা। ইতিমধ্যেই হ্যান্ডসেটটির ডিজাইন থেকে শুরু করে গুরুত্বপূর্ণ কিছু ফিচার ফাঁস হয়েছে। এমনকি আজ এর সম্ভাব্য দাম ও লঞ্চের সময় সম্পর্কেও ধারণা পাওয়া গেছে।
রিয়ার ক্যামেরায় সেলফি
জানা গেছে Realme 16 5G ফোনে ক্যামেরা মডিউলের পাশে ছোট মিরর দেওয়া হবে। এর সাহায্যে ইউজাররা সরাসরি নিজের মুখ দেখে রিয়ার ক্যামেরা দিয়ে ছবি তুলতে পারবেন। সাধারণত আমরা ফ্রন্ট ক্যামেরা দিয়ে সেলফি তুলি, কিন্তু তার কোয়ালিটি অনেক সময় পিছনের ক্যামেরার মতো হয় না। এক্ষেত্রে সেই সমস্যা অনেকটাই মিটবে বলে মনে হচ্ছে। ফলে যারা ডিটেলড ও শার্প সেলফি পছন্দ করেন, তাদের জন্য এই বৈশিষ্ট্যটি বেশ কাজে আসতে পারে।
ডিজাইন
ডিজাইন দিক থেকেও রিয়েলমি ১৬ ৫জি হ্যান্ডসেটটি কিছুটা আলাদা হবে। লম্বা ক্যামেরা বার ও প্রিমিয়াম লুক সহ স্মার্টফোনটি বেশ স্টাইলিশ হবে। কোম্পানি একে ‘এয়ার ডিজাইন’ বলছে। এটি হালকা ও হাতে ধরতে আরামদায়ক হবে। পাশাপাশি এই মডেলে কালার-চেঞ্জিং ফিনিশও দেখা যাবে।
ক্যামেরা ও পারফরম্যান্স
রিপোর্ট অনুযায়ী, ফটোগ্রাফির জন্য এর পিছনে ৫০ মেগাপিক্সেল Sony IMX852 প্রাইমারি ক্যামেরা সহ ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর থাকবে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এদিকে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৪০০ টার্বো প্রসেসর।
ব্যাটারি ও ডিসপ্লে
পাওয়ার ব্যাকআপের জন্য Realme 16 5G ফোনে ৭০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। এই ব্যাটারি দীর্ঘক্ষণ ব্যাকআপ দেবে। এতে ৬০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের সুবিধাও থাকবে।
আর এর সামনে দেখা যাবে ৬.৫৭ ইঞ্চি AMOLED ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ডিভাইসটি IP66, IP68, IP69 রেটিং সহ আসবে, ফলে জল ও ধুলো থেকে সুরক্ষা পাওয়া যাবে।
দাম ও লঞ্চের সময়
জানা গেছে, Realme 16 5G মডেলটি ভারতে ৪০ থেকে ৪৫ হাজার টাকার মধ্যে আসবে। যদিও অফিসিয়ালি এখনও কিছু জানানো হয়নি। ফোনটি এপ্রিলের মধ্যেই ভারতীয় বাজারে লঞ্চ হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

