TRENDS ▸
Tech GupSportsVaibhav Suryavanshi Fastest Indian Ipl Century Rajasthan Royals Vs Gujrat Titans Ipl 2025 Match
Vaibhav Suryavanshi

৩৮ বলে ১০১ রান, ১৪ বছরের বৈভবের তান্ডবে ছিন্নভিন্ন গুজরাট টাইটান্স

জয়পুরের মাটিতে আজ রাজস্থান রয়্যালস বনাম গুজরাট টাইটান্সের ম্যাচে জন্ম নিল এক নতুন তারকা - বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। মাত্র ১৪ বছর ৩২ দিনের বৈভব ৩৫ বলে দুরন্ত শতরান করে আইপিএলের ইতিহাসে ভারতীয় হিসেবে সবচেয়ে দ্রুত শতরান করার রেকর্ড গড়েছে।…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: April 29, 2025 12:10 AM

জয়পুরের মাটিতে আজ রাজস্থান রয়্যালস বনাম গুজরাট টাইটান্সের ম্যাচে জন্ম নিল এক নতুন তারকা – বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। মাত্র ১৪ বছর ৩২ দিনের বৈভব ৩৫ বলে দুরন্ত শতরান করে আইপিএলের ইতিহাসে ভারতীয় হিসেবে সবচেয়ে দ্রুত শতরান করার রেকর্ড গড়েছে। এর আগে এই রেকর্ডের মালিক ছিল ইউসুফ পাঠান, যিনি ৩৭ বলে শতরান করেছিলেন। যদিও আইপিএলে সবচেয়ে দ্রুত শতরানের রেকর্ড এখনও ক্রিস গেইলের দখলে, যিনি ২০১৩ সালে ৩০ বলে শতরান করেছিলেন।

আজ ম্যাচের শুরু থেকেই বৈভব আক্রমণাত্মক মেজাজে ছিলেন। মোহাম্মদ সিরাজ, ইশান্ত শর্মা, ওয়াশিংটন সুন্দর, এমনকি নবাগত করিম জান্নাতের বলেও ছক্কা হাঁকিয়েছেন তিনি। ইশান্তের এক ওভারে বৈভব ২৬ রান নিয়েছেন, যেখানে তিনটি ছক্কা ও দুটি চার ছিল। আজ অভিষেক ঘটা করিম জান্নাতের প্রথম ওভারে নিয়েছেন ৩০ রান।

আইপিএলের ৪৭তম ম্যাচে বৈভবের ব্যাটিং দেখে রাজস্থানের কোচ রাহুল দ্রাবিড় পর্যন্ত আবেগে আপ্লুত হয়েছেন। হুইলচেয়ারে বসে থাকা দ্রাবিড় দুই হাত তুলে বৈভবের উৎসাহ বাড়িয়েছেন বারবার। শেষ পর্যন্ত প্রসিদ্ধ কৃষ্ণার একটি দুর্দান্ত ইয়র্কারে ডাগ আউটে ফিরতে হয়েছে বৈভবকে। তবে তিনি যখন আউট হয়ে ফিরছেন, তখন গুজরাটের ২০৯ রানের জবাবে রাজস্থান ১১.৫ ওভারেই ১৬৬ রানে পৌঁছে গেছে। বৈভবের ৩৮ বলে ১০১ রানের ইনিংসে রয়েছে ৭টি চার ও ১১টি বিশাল ছক্কা।

শুধু শতরান নয়, বৈভব আরও একাধিক রেকর্ড গড়েছেন। তিনি এবারের আইপিএলে সবচেয়ে দ্রুত অর্ধশতক করেছেন এবং রাজস্থান রয়্যালসের দ্বিতীয় দ্রুততম ফিফটির মালিক হয়েছেন। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে আইপিএলের ইতিহাসে দ্রুততম অর্ধশতকও এখন তার দখলে। একইসঙ্গে তিনি আইপিএলের ইতিহাসে সবচেয়ে কমবয়সী অর্ধশতককারীও হয়ে গেছেন।