Google সম্প্রতি অনুষ্ঠিত Made by Google ইভেন্টে ভারতে সহ বিশ্বের অন্যান্য বাজারে Pixel 11 সিরিজ লঞ্চ করেছে। নতুন স্মার্টফোন সিরিজের পাশাপাশি কোম্পানিটি নয়া স্মার্টওয়াচ এবং তাদের প্রথম ব্লুটুথ ট্র্যাকার নিয়ে এসেছে। তবে চমকের এখানেই শেষ নয়! গুগল তাদের ব্যবহারকারীদের জন্য একাধিক বিশেষ সুবিধা নিয়ে হাজির হয়েছে। এই ইভেন্টে টেক জায়ান্টটি পুরানো এবং নতুন অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্যও একাধিক নতুন ফিচার প্রদর্শন করেছে। এর মধ্যে সবচেয়ে নজর কেড়েছে Tap to Send, যেখানে দুটি Pixel ফোন কাছাকাছি আনলেই কনট্যাক্ট, ছবি, ভিডিও ও অন্যান্য মিডিয়া ফাইল দ্রুত শেয়ার করা যাবে।
Pixel 6 সহ একাধিক ফোনে আসছে নতুন ফিচার
একটি ব্লগ পোস্টে গুগল নিশ্চিত করেছে, Tap to Send ফিচারটি ধাপে ধাপে Pixel 6 এবং তার পরবর্তী প্রজন্মের স্মার্টফোনগুলিতে আসতে শুরু করেছে। এর মধ্যে সদ্য লঞ্চ হওয়া Google Pixel 11 সিরিজও রয়েছে। এই ফিচারের মাধ্যমে Quick Share ব্যবহার করে পিক্সেল ব্যবহারকারীরা কনট্যাক্ট, ছবি, ভিডিও এবং বিভিন্ন মিডিয়া ফাইল শেয়ার করতে পারবেন।
ফোন কাছাকাছি আনলেই শুরু হবে শেয়ারিং
গুগলের তরফে বলা হয়েছে, এই ফিচারটি ব্যবহার করতে দুটি Pixel ডিভাইসকে একে অপরের কাছে আনতে হবে বা ফোন দুটি হালকা ছোঁয়াতে হবে। এরপর খুব দ্রুত ফাইল শেয়ার করা যাবে। এখানে শুধু ব্লুটুথ বা ওয়াই-ফাই এর উপর নির্ভর করতে হবে না। কারণ গুগলের ট্যাপ টু সেন্ড ফিচার, কুইক শেয়ার অবকাঠামোর পাশাপাশি নিয়ার ফিল্ড কমিউনিকেশন বা NFC ব্যবহার করে ফাইল পাঠায়।
অন্য Android ফোনেও আসছে এই ফিচার
গুগল জানিয়েছে, ট্যাপ টু সেন্ড ফিচার শুধু Pixel ডিভাইসেই সীমাবদ্ধ থাকবে না। অন্য অ্যান্ড্রয়েড স্মার্টফোনেও এই ফিচার ব্যবহার করা যাবে। সংস্থার ঘোষণা অনুযায়ী, Samsung Galaxy Z Fold 8, Galaxy Z Fold 8 Ultra এবং Galaxy Z Flip 8 এর মতো ডিভাইস এই ফিচার পাবে। আর অন্যান্য অ্যান্ড্রয়েড মোবাইলও চলতি বছরের মধ্যেই আপডেট পাবে।