iQOO Z11 শীঘ্রই লঞ্চ হচ্ছে, 9020mAh ব্যাটারি সহ থাকবে 165Hz ডিসপ্লে

চীনে খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে iQOO Z11। গত কয়েক সপ্তাহ ধরে ফোনটি নিয়ে নানা তথ্য সামনে আসছিল। এবার কোম্পানির এক উচ্চপদস্থ কর্মকর্তা ডিভাইসটির ডিজাইন ও কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করলেন। চীনের জনপ্রিয় মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম উইবো -তে শুক্রবার আইকোর প্রোডাক্ট ম্যানেজার জিং চেন iQOO Z11 মডেলের একটি ছবি শেয়ার করেছেন। পাশাপাশি ফোনটির দাম চীনে প্রায় ২০০০ ইউয়ান (প্রায় ২৭,১০০ টাকা) থেকে ৩০০০ ইউয়ানের (প্রায় ৪০,৬০০ টাকা) মধ্যে থাকতে পারে।
iQOO Z11 এর ডিজাইন ও ফিচার
পোস্ট থেকে স্পষ্ট iQOO Z11 এর ডিজাইন অনেকটাই iQOO Z11 Turbo এর মতো হবে। এর পিছনে থাকবে LED ফ্ল্যাশ সহ ডুয়াল ক্যামেরা সেটআপ। সবকিছুই রাখা হবে একটি চৌকো ক্যামেরা মডিউলের মধ্যে। আবার Z11 মডেলের ক্যামেরাগুলি উল্লম্বভাবে সাজানো থাকবে, যেখানে Turbo মডেলের সেন্সরগুলি অনুভূমিকভাবে রাখা হবে।
ফোনটির পিছনের প্যানেলটি ফ্ল্যাট এবং টেক্সচার্ড ফিনিশের হবে। নিচের দিকে মাঝামাঝি জায়গায় iQOO এর লোগো দেখা যাবে। ফ্রেমটাও পুরোপুরি ফ্ল্যাট ডিজাইনের হবে। ডানদিকে পাওয়ার বাটন এবং ভলিউম কন্ট্রোল থাকবে, আর বাম দিকটা বেশ পরিষ্কার রাখা হবে। আপাতত ব্লু কালার ভ্যারিয়েন্ট সামনে এসেছে, যা অনেকটাই Z11 Turbo-র ‘Canglang Fuguang’ রঙের মতো।
এদিকে স্মার্টফোনটি ইতিমধ্যেই চীনে Vivo-র অনলাইন স্টোর থেকে প্রি-অর্ডারের জন্য তালিকাভুক্ত রয়েছে। যদিও সেখান থেকে ডিভাইসটির স্পেসিফিকেশন জানা যায়নি।
তবে এর আগে সামনে এসেছিল যে iQOO Z11 মডেলে থাকতে পারে ১৬৫ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হবে ৯,০২০ এমএএইচ-এর ব্লু ওসান ব্যাটারি। এছাড়া এতে থাকতে পারে ৬.৮৩ ইঞ্চি ১.৫কে ফাস্ট ডিসপ্লে। ডিভাইসটি ১৬ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট সহ আসতে পারে।

