Samsung Galaxy S27 Ultra ফোনে থাকবে জনপ্রিয় এই ফিচার, খুশি ফ্যানেরা

স্যামসাংয়ের আসন্ন ফ্ল্যাগশিপ ফোনে বড় কোনো পরিবর্তন দেখা যাবে না বলেই মনে হচ্ছে। নয়া একটি রিপোর্টে বলা হয়েছে যে আপকামিং Samsung Galaxy S27 Ultra মডেলটি S Pen সাপোর্ট সহ আসতে পারে। এক্ষেত্রে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি আগের মতোই ডিজিটাইজার ভিত্তিক S Pen প্রযুক্তি ব্যবহার করতে চলেছে। যদিও কিছুদিন আগে শোনা গিয়েছিল, ডিজাইন আরও পাতলা করতে S Pen-এর কাজ করার পদ্ধতিতে বড় বদল আনতে পারে স্যামসাং। সেই ভাবনা থেকেই ডিজিটাইজার বাদ দেওয়ার কথাও উঠেছিল। তবে নতুন রিপোর্ট অনুযায়ী, কোম্পানি এই পরিকল্পনা থেকে সরে এসেছে।
জানিয়ে রাখি, এই ডিজিটাইজারের পরিমাপ ০.৩ মিমি, অর্থাৎ খুবই পাতলা। এটি EMR প্রযুক্তির মাধ্যমে S Pen কে ব্যাটারি ছাড়াই চালাতে সাহায্য করে। তাই এর গুরুত্ব কম নয়। পাশাপাশি এই প্রযুক্তি না থাকলে ব্যবহারকারীদের অভিজ্ঞতাও খারাপ হতে পারে। তাই আপাতত পুরানো, পরীক্ষিত সিস্টেমেই আস্থা রাখছে কোম্পানি। ফলে Galaxy S27 Ultra তে আগের মতোই ব্যাটারি ছাড়া S Pen থাকবে।
আগের রিপোর্টে বলা হয়েছিল, স্যামসাং বিকল্প হিসেবে AES প্রযুক্তি নিয়ে ভাবছে, যেখানে পেনের ভিতরেই ব্যাটারি থাকবে এবং সেটা নিজেই সিগন্যাল তৈরি করে স্ক্রিনের সঙ্গে কাজ করবে। এমনকি হাইব্রিড পদ্ধতির কথাও আলোচনা হয়েছে, যেখানে ডিজিটাইজার বা ব্যাটারি কোনোটাই লাগবে না। কিন্তু এসব প্রযুক্তি এখনই ব্যবহার করতে রাজি নয় স্যামসাং।
এক্ষেত্রে একটা বিষয় পরিষ্কার, Ultra সিরিজে S Pen একরকম সিগনেচার ফিচার হয়ে দাঁড়িয়েছে। ফলে Galaxy Z Fold 7 মডেল থেকে ডিজিটাইজার বাদ দিয়ে স্টাইলাস সাপোর্ট তুলে দেওয়া গেলেও Ultra মডেলের ক্ষেত্রে সেটা করা সম্ভব হচ্ছে না।
আরেকটি বিষয় মাথায় রাখা দরকার যে, গত বছরের কিছু অতিরিক্ত পাতলা ফোন যেমন Galaxy S25 Edge বা iPhone Air খুব একটা ভালো সাড়া পায়নি। সেটাও হয়তো সিদ্ধান্তে প্রভাব ফেলেছে। তাই পাতলা হলেই যে ফোন দেখতে স্টাইলিস হবে, সেটা ঠিক নয় বলে মেনে নিয়েছে স্যামসাং।
যাইহোক রিপোর্টে আরও বলা হয়েছে যে, Galaxy S27 Ultra মডেলে থাকতে পারে স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৬ প্রো, আবার S27 ও S27+ মডেলে ব্যবহার করা হবে এক্সিনস ২৬০০ প্রসেসর।

