Oppo আগামী মাসে অর্থাৎ জুলাইয়ে গ্লোবাল মার্কেটে লঞ্চ করতে চলেছে Reno 16 সিরিজ। যদিও ভারতের বাজারে এই সিরিজ কবে আসবে তা এখনও জানা যায়নি। তবে সাম্প্রতিক একটি রিপোর্টে দাবি করা হয়েছে, Reno 16 সিরিজের সঙ্গে ভারতে একটি অতিরিক্ত মডেলও আসবে। আর আসন্ন এই ডিভাইসটির নাম রাখা হতে পারে Oppo Reno 16c। রিপোর্টে বলা হয়েছে, এটি Reno 16 সিরিজের সবচেয়ে সস্তা মডেল হবে। এতে Reno 16F এর বেশ কয়েকটি ফিচার থাকতে পারে।
ভারতে Reno 16 এর সাথছ Oppo Reno 16c লঞ্চের ইঙ্গিত
টিপস্টার যোগেশ ব্রার টেক পোর্টাল 91Mobiles কে জানিয়েছে, Oppo ভারতে Reno 16 ও Reno 16c লঞ্চ করার পরিকল্পনা করছে। বেস মডেলটিকে ইতিমধ্যেই একাধিক সার্টিফিকেশন এবং বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে দেখা গেছে। তবে Reno 16c মডেলটি লাইনআপের একেবারে নতুন সংযোজন হবে।
Reno 15C এর উত্তরসূরি হবে
রিপোর্টে বলা হয়েছে, Reno 16c ডিভাইসটি চলতি বছরের জানুয়ারিতে ভারতে আসা Oppo Reno 15c এর উত্তরসূরি হবে। পূর্বসূরি মডেলটি তখনও সিরিজের সবচেয়ে সাশ্রয়ী হ্যান্ডসেট হিসেবে এদেশে এসেছিল। এতে বড় ডিসপ্লে দেওয়া হলেও দাম কমানোর লক্ষ্যে কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশনে কাটছাঁট করা হয়েছিল।
প্রসঙ্গত ভারতে Oppo Reno 15c এর ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছিল ৩৪,৯৯৯ টাকা। আর ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছিল ৩৭,৯৯৯ টাকা।
Oppo Reno 16c এর সম্ভাব্য স্পেসিফিকেশন
রিপোর্টে আরও বলা হয়েছে, Reno 16c এর বেশ কিছু স্পেসিফিকেশন Reno 16F এর মতো হবে। 16F মডেলটি ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ায় লঞ্চ হবে বলে গুঞ্জন রয়েছে। সেক্ষেত্রে টিপস্টারের দেওয়া তথ্য সঠিক হলে, Reno 16c ফোনে ৬.৫৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে থাকবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ প্রসেসর। ডিভাইসটি LPDDR5x র্যাম এবং UFS 3.1 স্টোরেজ সহ পাওয়া যাবে।
ফটোগ্রাফির জন্য Reno 16c স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এই ক্যামেরাগুলি হবে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৩.৫x অপটিক্যাল জুমসহ ৫০ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। আর সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
ব্যাটারি ও অন্যান্য ফিচার
পাওয়ার ব্যাকআপের জন্য Oppo Reno 16c হ্যান্ডসেটে ৬৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ৪৫ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলে জানা গেছে। পাশাপাশি এতে প্লাস্টিক ফ্রেম, স্টেরিও স্পিকার, IP69 রেটিং এবং NFC সাপোর্টও থাকতে পারে।

