আইকো সম্প্রতি তাদের জেড সিরিজের নতুন স্মার্টফোন iQOO Z11 ভারতে লঞ্চ করেছে। ইতিমধ্যেই ডিভাইসটির প্রথম সেলের তারিখ পেরিয়ে গিয়েছে। যদিও এরপরও হ্যান্ডসেটটি লঞ্চ অফারের সাথে কেনার সুযোগ রয়েছে। এখন আপনি এই ফোনটি ৩,৬৪৯ টাকা পর্যন্ত ছাড়ে নিজের করতে পারবেন। ফিচারের কথা বললে, iQOO Z11 মডেলে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৫০০ টার্বো প্রসেসর, সর্বোচ্চ ১২ জিবি র্যাম এবং ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের ১.৫কে কার্ভড অ্যামোলেড ডিসপ্লে। পাশাপাশি রয়েছে ৫০ মেগাপিক্সেল Sony IMX882 সেন্সর ও ৭০৫০ এমএএইচ ব্যাটারি।
iQOO Z11 এর দাম ও অফার
ভারতে iQOO Z11 এর ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৩৪,৯৯৯ টাকা। আর এর ৮ জিবি র্যাম + ১২৮ জিবি মডেল কেনা যাবে ৩৯,৯৯৯ টাকা। এছাড়া ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে কিনতে যথাক্রমে খরচ হবে ৪৪,৯৯৯ টাকা ও ৪৯,৯৯৯ টাকা।
তবে অ্যামাজন ইন্ডিয়া অ্যাপ ও ওয়েবসাইট থেকে আইকো জেড১১ কেনার সময় অ্যামাজন পে আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ড ব্যবহার করলে ২০০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট ও ১,৬৪৯ টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। এছাড়া অন্যান্য নির্বাচিত ব্যাঙ্কের কার্ডে মিলবে ২,০০০ টাকা ছাড়। রয়েছে নো কস্ট ইএমআইয়ের সুবিধাও।
iQOO Z11 এর স্পেসিফিকেশন ও ফিচার
ডুয়াল সিমের iQOO Z11 স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক অরিজিনওএস ৬ কাস্টম স্কিনে চলে। এতে তিনটি ওএস এবং পাঁচ বছর ধরে সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। ডিভাইসটির সামনে দেখা যাবে ৬.৮৩ ইঞ্চি ১.৫কে থ্রিডি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ, সর্বোচ্চ ব্রাইটনেস ২,০০০ নিটস পর্যন্ত উজ্জ্বলতা দিতে পারে। এতে এসজিএস লো ব্লু লাইট, লো ফ্লিকার এবং ফাইভ স্টার সানলাইট ডিসপ্লে সার্টিফিকেশনও রয়েছে।
পারফরম্যান্স ও কুলিং
পারফরম্যান্সের জন্য নতুন এই ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৫০০ টার্বো চিপসেট ব্যবহার করা হয়েছে। এতে ১২ জিবি পর্যন্ত LPDDR4X র্যাম এবং ২৫৬ জিবি UFS 3.1 স্টোরেজ পাওয়া যাবে। হ্যান্ডসেটটি ৩৮০০ বর্গমিমি ভেপার চেম্বার কুলিং সিস্টেম সহ এসেছে। Z সিরিজের এই ধরনের কুলিং প্রথমবার ব্যবহার করা হয়েছে।
ক্যামেরা
ফটোগ্রাফির জন্য iQOO Z11 মডেলে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল OIS সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেল Sony IMX882 প্রাইমারি সেন্সর ও ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা, যা ১১৫ ডিগ্রি ফিল্ড অব ভিউ অফার করে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে।
ব্যাটারি ও অন্যান্য ফিচার
পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৭০৫০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৪ ওয়াট FlashCharge সাপোর্ট করে। এছাড়া ধুলো ও জল প্রতিরোধের জন্য এতে IP68 + IP69 রেটিং দেওয়া হয়েছে।

