আগামী ৯ সেপ্টেম্বর Apple একটি বিশেষ লঞ্চ ইভেন্টের আয়োজন করেছে। এই ইভেন্টে সংস্থাটি iPhone 18 সিরিজ এবং নতুন Apple Watch মডেল নিয়ে আসবে বলে অনুমান করা হচ্ছে। তবে বড় চমক হিসেবে এই ইভেন্টে ব্র্যান্ডটি তাদের প্রথম ফোল্ডেবল iPhone এর ওপর থেকে পর্দা সরাতে পারে বলে জল্পনা চলছে। এই ফোল্ডেবল মডেলটির নাম রাখা হতে পারে iPhone Ultra। বইয়ের মতো ভাঁজ করা যাবে এমন ডিজাইনের পাশাপাশি এতে থাকবে বড় ডিসপ্লে। পাশাপাশি বেশিরভাগ ফোল্ডেবল ফোনের তুলনায় এটি পাতলা প্রোফাইল সহ আসবে বলে জানা গেছে। আজ আবার নতুন এক রিপোর্টে দাবি করা হয়েছে এতে MagSafe সাপোর্ট থাকবে।
iPhone Ultra মডেলে থাকতে পারে MagSafe
টমস গাইড সঙ্গে এক সাক্ষাৎকারে মার্ক গুরম্যান জানিয়েছেন, Apple তাদের প্রথম ফোল্ডেবল আইফোনে ম্যাগসেফ চার্জিং সাপোর্ট দিতে পারে। এরফলে বলা যায় ফোনটি পাতলা হওয়া সত্ত্বেও Apple এর ম্যাগনেটিক চার্জিং অ্যাক্সেসরিজ ব্যবহার করার সুযোগ থাকছে।
রেন্ডারে দেখা যায়নি MagSafe রিং
যদিও সম্প্রতি ফাঁস হওয়া আইফোন আল্ট্রার রেন্ডার এবং ডামি ইউনিটগুলিতে পরিচিত MagSafe ম্যাগনেটিক রিং দেখা যায়নি। যদিও সেগুলি অফিসিয়াল রেন্ডার নয়। তাই শেষ পর্যন্ত এই ফিচার থাকবে কি না তা নিয়ে নিশ্চিত করে এখন কিছু বলা যাচ্ছে না।
মাত্র ৪.৫ মিমি পুরু হতে পারে
গুরম্যান মনে করছেন, Apple ইতিমধ্যেই পাতলা iPhone Air মডেলে MagSafe প্রযুক্তি দিয়েছে। তাই তাদের কাছে ফোল্ডেবল ফোনে এই ফিচার দেওয়া অসম্ভব কাজ নয়। রিপোর্ট অনুযায়ী, iPhone Ultra আনফোল্ড করা অবস্থায় মাত্র ৪.৫ মিমি পুরু হতে পারে।
ভিতরে থাকবে ৭.৮ ইঞ্চি বড় ডিসপ্লে
আসন্ন ডিভাইসে বই ভাঁজ করার মতো ডিজাইন থাকবে বলে মনে করা হচ্ছে। এটি সম্পূর্ণ খুললে ডিসপ্লের সাইজ প্রায় ৭.৮ ইঞ্চি হতে পারে। বাইরে থাকতে পারে প্রায় ৫.৫ ইঞ্চি ডিসপ্লে। অর্থাৎ ভাঁজ করা অবস্থায় হ্যান্ডসেটটি তুলনামূলকভাবে ছোট থাকবে, আর খুললে পাওয়া যাবে বড় স্ক্রিন।
দাম রাখা হতে পারে প্রায় ২ লক্ষ টাকা
ফোল্ডেবল iPhone এর দাম Apple এর অন্যান্য মডেলগুলির তুলনায় অনেকটাই বেশি রাখা হতে পারে। রিপোর্ট অনুযায়ী, এর দাম শুরু হবে প্রায় ২,০০০ ডলার থেকে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১.৯ লক্ষ টাকার কাছাকাছি।

