Samsung Galaxy S27 Ultra চলতি বছরের শেষের দিকে বা আগামী বছরের শুরুতে বাজারে আসবে। এই মুহূর্তে ডিভাইসটির বিভিন্ন ফিচার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। সাম্প্রতিক একটি রিপোর্টে দাবি করা হয়েছে, দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি এখন তাদের S সিরিজের Ultra মডেলের ব্যাটারি নিয়ে পরীক্ষা চালাচ্ছে। এই পরীক্ষা ফল সন্তোষজনক হলেই Galaxy S27 Ultra মডেলের ব্যাটারি ক্যাপাসিটি iPhone 18 Pro Max এর তুলনায় বেশি হবে। এই রিপোর্টে আরও বলা হয়েছে যে, অন্যান্য প্রতিদ্বন্দ্বী ব্র্যান্ড নতুন প্রযুক্তি নিয়ে কাজ করলেও Samsung এখনও লিথিয়াম-আয়ন ব্যাটারির ওপরই ভরসা রাখছে।
Samsung Galaxy S27 Ultra এর বড় ব্যাটারি সহ পরীক্ষা
জনপ্রিয় টিপস্টার Schrödinger (@phonefuturist) তার সাম্প্রতিক এক্স পোস্টে বলেছে, স্যামসাং এসডিআর এর তৈরি ৫৬০০ এমএএইচ এবং ৫৮০০ এমএএইচ ব্যাটারি সেল Galaxy S27 Ultra মডেলের জন্য পরীক্ষা করে দেখা হচ্ছে। উল্লেখ্য, এর আগে কোম্পানি ৫২০০ এমএএইচ লিথিয়াম-আয়ন ব্যাটারিকে চূড়ান্ত করেছিল। তবে নতুন রিপোর্টে বলা হয়েছে, স্যামসাং এখন আবার বড় ব্যাটারি সেলের ব্যবহার করতে চাইছে। অভ্যন্তরীণ পরীক্ষার ফল ইতিবাচক হলে, আসন্ন আল্ট্রা মডেলে ৫৫০০ এমএএইচ-এর বেশি ক্ষমতার ব্যাটারি থাকবে।
লিথিয়াম-আয়ন প্রযুক্তিতেই ভরসা
টিপস্টার আরও বলেছেন, আসন্ন ফ্ল্যাগশিপ ডিভাইসেও স্যামসাং প্রচলিত লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহার করার পরিকল্পনা করছে। যদিও একাধিক চীনা স্মার্টফোন ব্র্যান্ড ইতিমধ্যেই সিলিকন-কার্বন ব্যাটারি ব্যবহার করতে শুরু করেছে। মনে করা হচ্ছে নয়া প্রযুক্তিতে প্রচলিত লিথিয়াম-আয়ন ব্যাটারির তুলনায় বেশি এনার্জি ডেনসিটি পাওয়া যায়। তবে স্যামসাং নাকি ব্যাটারির রাসায়নিক গঠন বদলানোর বদলে বর্তমান লিথিয়াম-আয়ন ডিজাইনের দক্ষতা আরও বাড়ানোর দিকেই কাজ করছে।
কয়েক বছর পর ফের ব্যাটারি আপগ্রেড
টিপস্টারের দাবি সত্যি হলে Samsung ফের কয়েক বছর পর Ultra মডেলের ব্যাটারি ক্ষমতা বৃদ্ধি করতে চলেছে। কারণ Galaxy S20 Ultra, Galaxy S21 Ultra, Galaxy S22 Ultra, Galaxy S23 Ultra, Galaxy S24 Ultra, Galaxy S25 Ultra এবং সম্প্রতি লঞ্চ হওয়া Galaxy S26 Ultra, সবকটিতেই ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। যদিও প্রতিটি নতুন প্রজন্মে হার্ডওয়্যার ও সফটওয়্যার উন্নতির মাধ্যমে ব্যাটারি ব্যাকআপ কিছুটা বাড়ানো হয়েছে বলে দাবি করা হয়েছিল।
iPhone 18 Pro Max মডেলকে পিছনে ফেলবে
সম্প্রতি সামনে আসা আরেকটি রিপোর্টে বলা হয়েছে, Apple iPhone 18 Pro Max মডেলের eSIM ভার্সনে ৫৪২৫ এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে। আর যেসব বাজারে এখনও ন্যানো সিম ট্রে ব্যবহার করা হবে, সেখানে ব্যাটারির ক্ষমতা ৫২৩৫ এমএএইচ রাখা হতে পারে। দুটি রিপোর্টই যদি শেষ পর্যন্ত সত্যি প্রমাণিত হয়, তাহলে Galaxy S27 Ultra মডেলে আইফোনের থেকে বড় ব্যাটারি থাকবে।