জয়েন করুন

দুর্দান্ত ক্যামেরার Sony Xperia 1 VII নিয়ে গুরুতর অভিযোগ, বিক্রি বন্ধের সিদ্ধান্ত কোম্পানির

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: July 7, 2025 8:45 AM

লঞ্চের পর জাপানে ব্যাপকভাবে সাড়া ফেলেছিল Sony Xperia 1 VII। কিন্তু এই জনপ্রিয়তা বেশিদিন ধরে রাখতে পারলো না ব্র্যান্ডটি। হঠাৎ করেই এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের বিক্রি এবং সরবরাহ বন্ধ করার ঘোষণা করেছে কোম্পানি। যদিও Sony ইচ্ছা করেই এমন সিদ্ধান্ত নিয়েছে তা কিন্তু নয়!আসলে একের পর এক ব্যবহারকারীরা অভিযোগ করেছিলেন যে, তাদের ফোনটি আচমকাই বন্ধ হয়ে যাচ্ছে, নিজে নিজে রিবুট নিচ্ছে, এমনকি অনেক সময় চালুই হচ্ছে না। এই সমস্যাগুলি এতটাই ছড়িয়ে পড়েছে যে, Sony বাধ্য হয়ে আপাতত জাপানে Xperia 1 VII বিক্রি স্থগিত রেখেছে।

Sony Xperia 1 VII ফোনের কোন মডেলগুলিতে সমস্যা?

সনির অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়েছে, চারটি নির্দিষ্ট মডেল সবচেয়ে বেশি সমস্যায় পাওয়া গেছে, যেগুলি হল – SO-51F, SOG15, A501SO, এবং XQ-FS44। এর মধ্যে কিছু মডেল চলার মাঝখানে হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে, কিছু আবার একেবারেই অন হচ্ছে না। এটা কেবল বাগ বা ছোটখাটো ত্রুটি নয়, বরং বেশ জটিল কোনো ইস্যু বলেই মনে করছে অনেকেই।

Sony Xperia 1 VII ফোনে কেন এমন সমস্যা

অনেক ব্যবহারকারী ফোনে সমস্যার কারণ হিসেবে বলছেন, এতে জাপান-এক্সক্লুসিভ কিছু ফিচারের সঙ্গে সামঞ্জস্যজনিত অসুবিধা থাকায় এমনটা হচ্ছে। এরমধ্যে একটি ফিচারের নাম Osaifu-Keitai। যদিও এখনও সনি বিষয়টি নিশ্চিত করেনি। কোম্পানির তরফে ব্যবহারকারীদের একটি অস্থায়ী সমাধানের পরামর্শ দেওয়া হয়েছে।

সনি জানিয়েছে, পাওয়ার ও ভলিউম-আপ বোতাম একসঙ্গে ২০ সেকেন্ড চেপে ধরলে ফোনটি আবার সচল হতে পারে। পাশাপাশি, একটি নতুন সফটওয়্যার আপডেট (বিল্ড নম্বর 71.0.A.2.43) রোলআউট করা হয়েছে, যেটি কিছু ক্ষেত্রে সমস্যাগুলি সমাধান করতে পারে। তবে এই আপডেট সত্যি সত্যি মূল সমস্যা ঠিক করছে কি না, সেটা এখনো স্পষ্ট নয়।

আন্তর্জাতিক বাজারে কেমন চলছে Sony Xperia 1 VII

স্বস্তির বিষয় হল এই, আপাতত এই সমস্যা কেবল জাপানি ভার্সনে ধরা পড়েছে। গ্লোবাল মডেলগুলির ক্ষেত্রে এমন কোনো বড় সমস্যার কথা জানা যায়নি। যদিও Xperia 1 VII এর বিক্রি এখনো যুক্তরাষ্ট্রে শুরু হয়নি, আর সনির মার্কিন বাজারে প্রভাবও সীমিত, তাই সেখানে রিলিজ হওয়ার সম্ভাবনাও কম।

তবে, পুরো পরিস্থিতি যেভাবে এগোচ্ছে, তাতে অনেকেই ভাবছেন, এই সমস্যা কি শুধুই সফটওয়্যারের, না কি ভেতরে আরও বড় কোনো হার্ডওয়্যার ইস্যু লুকিয়ে আছে? যার উত্তর এই মুহূর্তে অজানা।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি