ভিভো সম্প্রতি ভারতে তাদের নতুন মিড রেঞ্জ ফোন হিসেবে Vivo Y31T 5G লঞ্চ করেছে। এর দাম শুরু হয়েছে প্রায় ২৫,০০০ টাকা থেকে। হ্যান্ডসেটটি আপাতত ভিভোর অফিসিয়াল ওয়েবসাইট ও অফলাইন বাজারে পাওয়া যাচ্ছে। এর বিশেষ বিশেষ ফিচারের মধ্যে আছে ৭২০০ এমএএইচ ব্যাটারি, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর। এছাড়া Vivo Y31T 5G স্মার্টফোনে এইচডি প্লাস ডিসপ্লে এবং সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে।
Vivo Y31T 5G এর ভারতে দাম
ভিভো ওয়াই৩১টি ৫জি এর ৪ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ২৫,৯৯৯ টাকা। আবার এর ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ২৯,৯৯৯ টাকা এবং ৬ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৪,৯৯৯ টাকা।
এটি ক্রিমসন রেড, গোল্ডেন মিস্ট ও সিসহোর কালার অপশনে এসেছে। আর লঞ্চ অফার হিসেবে এসবিআই, এইচডিএফসি ও আইডিএফসি ও অ্যাক্সিস ব্যাঙ্কের গ্রাহকরা ১,৫০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন। ইতিমধ্যেই কোম্পানির ওয়েবসাইটে Vivo Y31T 5G কেনার জন্য উপলব্ধ।
Vivo Y31T 5G এর স্পেসিফিকেশন ও ফিচার
ডুয়েল সিমের নতুন ভিভো ফোনটি অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক অরিজিনওএস ৬ কাস্টম স্কিনে চলে। এর সামনে দেখা যাবে ৬.৭৫ ইঞ্চি এইচডি প্লাস (৭২০ x ১৬০৮ পিক্সেল) এলসিডি ডিসপ্লে, যা সর্বোচ্চ ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১,২৫০ নিটস পিক ব্রাইটনেস এবং ৮৩ শতাংশ এনটিএসসি কভারেজ অফার করবে।
প্রসেসর ও ব্যাটারি
Vivo Y31T 5G স্মার্টফোনে পারফরম্যান্সের জন্য কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন ২ অক্টা-কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই চিপসেটে ছয়টি এফিসিয়েন্সি কোরের ক্লক স্পিড ১.৯৫ গিগাহার্টজ এবং দুটি পারফরম্যান্স কোরের সর্বোচ্চ ক্লক স্পিড ২.২ গিগাহার্টজ।
এটি ৬ জিবি পর্যন্ত LPDDR4x র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত UFS 3.1 স্টোরেজ সহ পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে ৭২০০ এমএএইচ ব্যাটারি, যা ৪৪ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
ক্যামেরা ও অন্যান্য ফিচার
ফটোগ্রাফির জন্য Vivo Y31T 5G মডেলে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই দুই ক্যামেরা হল ৫০ মেগাপিক্সেল এফ/২.০ প্রাইমারি ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল এফ/২.৪ বোকে ক্যামেরা। আর সেলফি ও ভিডিও কলের জন্য সামনে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। সিকিউরিটি জন্য ডিভাইসে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার উপস্থিত।